মক্কায় সরকারি মুফতি হিসেবে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ ড. সালেহ আল-ফাওজানের অনুমোদনে শায়খ বান্দার বালিলাহকে জেনারেল প্রেসিডেন্সি ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইফতার মক্কা শাখায় দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব হিসেবে মক্কা অঞ্চলে ধর্মীয় বিষয়ে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ফতোয়া দেবেন তিনি।
তাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে শায়খ আল-ফাওজান বলেন, তার অভিজ্ঞতা ও জ্ঞান ধর্মীয় গবেষণা যেমন সমৃদ্ধ করবে, তেমনি দুই পবিত্র মসজিদের আগত মুসল্লি ও হাজি-ওমরাহ পালনকারীদের জন্যও তা উপকারী হবে।
শায়খ বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ইসলামি আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং ইসলামি ফিকহে মাস্টার্স করেন। ২০০৮ সালে তিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। এর আগে মক্কার আরও কিছু মসজিদে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।



























