কাতারে অনুষ্ঠিতব্য কাতারা আন্তর্জাতিক পবিত্র কুরআন তিলাওয়াত পুরস্কারের নবম আসরের চূড়ান্ত পর্বে অংশ নিতে যোগ্যতা অর্জন করেছেন ১০০ জন প্রতিযোগী।কাতারের কালচারাল ভিলেজ ফাউন্ডেশন (কাতারা) জানিয়েছে, প্রাথমিক বাছাই শেষে এই ১০০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে। কাতারার তথ্যমতে, যোগ্যতা অর্জনকারী প্রতিযোগীরা ৯টি আরব দেশ এবং ১১টি অনারব দেশের প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে ৫৩ জন আরব দেশ থেকে এবং ৪৭ জন অনারব দেশ থেকে নির্বাচিত হয়েছেন।
আরব দেশগুলোর মধ্যে মিসর থেকে সর্বোচ্চ ১৮ জন, মরক্কো থেকে ১৭ জন, ইরাক থেকে ৯ জন প্রতিযোগী ফাইনালে উঠেছেন। এছাড়া লিবিয়া, লেবানন ও সিরিয়া থেকে দু’জন করে এবং সৌদি আরব, আলজেরিয়া ও ইয়েমেন থেকে একজন করে প্রতিযোগী রয়েছেন।
চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মোট ২০টি টেলিভিশন পর্বে। প্রতিটি পর্বে পাঁচজন প্রতিযোগী অংশ নেবেন, যাদের মধ্য থেকে একজন করে সেমিফাইনালে উত্তীর্ণ হবেন।
সেমিফাইনালে অংশ নেবেন মোট ২০ জন প্রতিযোগী। চূড়ান্ত পর্বে প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতার পর্বগুলো পবিত্র রমজান মাসে কাতার টেলিভিশনের সহযোগিতায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রচার করা হবে।
এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ কাতারি রিয়াল। এর মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ৫ লাখ রিয়াল, দ্বিতীয় স্থান ৪ লাখ, তৃতীয় স্থান ৩ লাখ, চতুর্থ স্থান ২ লাখ এবং পঞ্চম স্থান অধিকারী পাবেন ১ লাখ কাতারি রিয়াল।
কাতারা কুরআন তিলাওয়াত পুরস্কারের লক্ষ্য হলো কুরআন তিলাওয়াতে অসাধারণ প্রতিভা খুঁজে বের করা, সুমধুর ও হৃদয়স্পর্শী কণ্ঠকে উৎসাহিত করা এবং কুরআন তিলাওয়াতে উৎকর্ষ ও সৃজনশীলতাকে সম্মান জানানো। পাশাপাশি এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে দৃঢ় থাকতে এবং তাদের ধর্মীয় দায়িত্ব সম্পর্কে সচেতন করাও অন্যতম উদ্দেশ্য। ইকনা



























