বিশ্বের ৪৮টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আলজেরিয়ার ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। রেডিও আলজেরিয়া জানিয়েছে, দেশটির ধর্ম ও আওকাফ মন্ত্রী ইউসুফ বেলমাহদির তত্ত্বাবধানে আলজেরিয়ান কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেলমাহদি জানান, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৪৮-এ পৌঁছেছে। তাঁর মতে, এই সংখ্যা আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রতিফলন।
তিনি আরও জানান, প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। বিদেশে অবস্থিত আলজেরিয়ার দূতাবাস, কনস্যুলেট ও কূটনৈতিক মিশনগুলোতে এই পর্বের আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক বিচারক প্যানেলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিচারক প্যানেলে রয়েছেন আলজেরিয়ার চারজন বিচারক, সিরিয়ার একজন এবং ওমানের একজন বিচারক।
বেলমাহদি বলেন, এই প্রতিযোগিতা দেশ-বিদেশের নতুন ক্বারি ও মেধাবী প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে এটি পবিত্র কুরআনের সেবায় আলজেরিয়ার অগ্রগতি তুলে ধরে, যা মসজিদ, কুরআনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং তিলাওয়াত কমিটির মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্টের নির্দেশনার আলোকে আলজেরিয়ান সরকার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সমর্থন অব্যাহত রেখেছে এবং ঐশি কিতাবের ধারকদের (ক্বারি ও হাফেজদের) বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে নতুন বিভাগ সংযোজন এবং নগদ পুরস্কারের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব বুধবার পর্যন্ত চলবে। এ সময় বিভিন্ন দেশ থেকে ২০ জন প্রতিযোগী নির্বাচন করা হবে, যারা আগামী মাসে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশ নেবেন। ইকনা



























