ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাত বরণ উপলক্ষে রাজধানী ঢাকায় শুক্রবার ( ৬ মার্চ) শোক মজলিস ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
ইরানের রাহবারের দপ্তরের বাংলাদেশ প্রতিনিধি অফিস, আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধির দপ্তর ও বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে আয়োজিত এ শোক মজলিস ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদী।
রাজধানীর হোসেইনি দালানে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দীন মাশায়েখী রাদ ও ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সভাপতি ও খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহীম খলীল রাজাভী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা বিশ্ব ব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তারা বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বর্বর হামলা থেকে দেশটির নিরপরাধ শিশুরাও রেহায় পাচ্ছে না। এ হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তার পরিণতি হতে পারে ভয়াবহ।
সমাবেশে বক্তারা এ হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা এ বর্বর হামলার তিব্র নিন্দা জানান।
সভায় ঢাকাস্থ ইরান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বাংলাদেশের অনেক দল ও সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছে।
এসব দল ও সংগঠনসহ বাংলাদেশের সব জনগণকে ইরানের পাশে থেকে সমর্থন ব্যক্ত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।



























