তেহরানে ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তেহরানের ইমাম খোমেইনী (রহ.) মোসাল্লায় ইরানের সংস্কৃতি মন্ত্রী সাইয়েদ আব্বাস সালেহির উপস্থিতিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কুরআনিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মানবজাতির মুক্তি ও কল্যাণে পবিত্র কুরআনের দিকনির্দেশনামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রদর্শনীর আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। তারা ইরানি জাতির সঙ্গে পবিত্র কিতাবের গভীর সম্পর্কের কথাও তুলে ধরেন এবং এ প্রদর্শনীকে সেই সম্পর্কের একটি প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
বক্তারা পবিত্র রমজান মাসে এ ধরনের প্রদর্শনীর আয়োজনকে একটি মহান আশীর্বাদ বলেও অভিহিত করেন। “কুরআনের সুরক্ষায় ইরান” স্লোগানকে সামনে রেখে প্রদর্শনীটি আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে।
ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর পবিত্র রমজান মাসে তেহরানে আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীতে বিশেষ সেমিনার, শিক্ষামূলক কর্মশালা, কুরআনভিত্তিক মাহফিল এবং শিশু-কিশোরদের জন্য নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য কুরআনের শিক্ষা ও কার্যক্রমকে আরও বিস্তৃত করা।
প্রদর্শনীটি ইরানের সর্বশেষ কুরআনের সাফল্য এবং পবিত্র গ্রন্থের প্রচারের জন্য নিবেদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। ইকনা



























