পবিত্র রমজান মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্যস্ততম ও জনপ্রিয় স্থান টাইমস স্কয়ারে এক ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহান্তে অনুষ্ঠিত এ আয়োজনে শত শত মুসলমান অংশ নেন।
নিউইয়র্কে বসবাসরত মুসল্লিরা ব্রডওয়ে ও সেভেন্থ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে সমবেত হয়ে মাগরিবের সময় হলে একসঙ্গে ইফতার করেন। পরে তারা জামাতে এশা ও তারাবিহ নামাজ আদায় করেন।
“ওয়ে অব লাইফ এসকিউ” নামের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এ বছর পঞ্চমবারের মতো ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় এক হাজার পাঁচশ মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি এক হাজার দুইশ কপি পবিত্র কুরআন বিভিন্ন ভাষায় আগ্রহীদের মাঝে বিতরণ করা হয়।
“ওয়ে অব লাইফ এসকিউ” অ্যাকাউন্টের প্রতিষ্ঠাতা আনাদো এজেন্সির একজন সংবাদদাতাকে বলেছেন যে পশ্চিমা মিডিয়া ইসলামকে নেতিবাচকভাবে চিত্রিত করেছে। তিনি আরও বলেন, “আমাদের এখানে উদ্দেশ্য হল মানুষকে কুরআন ব্যাখ্যা করা, তাদের শিক্ষিত করা এবং বিশ্বকে ইসলাম সম্পর্কে অবহিত করা।”
আয়োজক দলের সদস্য হারমান বলেন, নিউইয়র্কে সবসময়ই কিছু না কিছু ঘটছে। পথচারীরা এখানে যা দেখেন, তাতে প্রায়ই বিস্মিত হন। তিনি জানান, আজ এক হাজার দুইশ কপি কুরআন বিতরণ করা হয়েছে।
ইফতারের পর বৃষ্টিভেজা ও ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও মুসল্লিরা নিজেদের আনা জায়নামাজ বিছিয়ে টাইমস স্কয়ারের আলোকোজ্জ্বল পরিবেশে নামাজ আদায় করেন। এ দৃশ্য স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। অনেককে মুঠোফোনে মুহূর্তগুলো ধারণ করতে দেখা যায়।
নিউ ইয়র্ক পুলিশ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। উল্লেখ্য, টাইমস স্কয়ারে প্রথম ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০২২ সালে। ইকনা



























