আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল-বারাদি পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আরবি ভাষায় ট্রাম্পকে ‘উন্মাদ’ আখ্যা দিয়ে সতর্ক করেন, এই ধরনের সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোকে এখনই সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা যায়।
পৃথক এক ইংরেজি পোস্টে তিনি সরাসরি জাতিসংঘের প্রতি প্রশ্ন তুলে জানতে চান, এই সম্ভাব্য ধ্বংসাত্মক পরিস্থিতি থামাতে আন্তর্জাতিক সংস্থাটির কিছুই করার নেই?
উল্লেখ্য, ২০০৩ সালে ইরাক আক্রমণের সময়ও মার্কিন অবস্থানের বিরোধিতা করেছিলেন এই অভিজ্ঞ কূটনীতিক। সে সময় তার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছিল।
বর্তমান প্রেক্ষাপটে এল-বারাদি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তার মতে, এমন পদক্ষেপের ফলাফল হতে পারে ভয়াবহ।
তিনি আরও বলেন, তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো হুমকির সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন না করেই যুক্তরাষ্ট্র যে আগ্রাসী অবস্থান নিয়েছে, তা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নোবেলজয়ী এই কূটনীতিকের কড়া বার্তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি করেছে। তথ্যসূত্র : আল-জাজিরা



























