ইরানের কোম শহরের জামকারান মসজিদে পবিত্র রজব মাসের ইতিকাফ অনুষ্ঠানে ৩,১০০ জন অংশ নিচ্ছেন। মসজিদের সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক হুজ্জাতুল ইসলাম হোসেইনাবাদি এ তথ্য জানান।
তিনি বলেন, রজব মাসের ইতিকাফে অংশগ্রহণের জন্য ১৬ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেন। এর মধ্যে নির্ধারিত সংখ্যক ইতিকাফকারী জামকারান মসজিদে অবস্থান করছেন। ইতিকাফকারীদের সেবায় প্রায় ২০০ জন খাদেম নিয়োজিত রয়েছেন।
ইতিকাফ উপলক্ষে গৃহীত সাংস্কৃতিক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, অংশগ্রহণকারীদের গোপনীয়তা ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রেখে বিভিন্ন আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আমিরুল মুমিনিন হযরত আলি (আ.)-এর জন্মবার্ষিকী উদযাপন, হযরত জয়নাব (সা.)-এর শাহাদাত স্মরণ, পবিত্র কুরআন তিলাওয়াত, বই পাঠ, জ্ঞানচর্চার আসর এবং কুরআন, নাহজুল বালাগা ও সাহিফা সাজ্জাদিয়ার শিক্ষাভিত্তিক বিশেষ কর্মসূচি।
হুজ্জাতুল ইসলাম হোসেইনাবাদি বলেন, মসজিদের তত্ত্বাবধায়কের নির্দেশনায় প্রতিবছর জামকারান মসজিদে ইতিকাফ অনুষ্ঠানের পরিসর ও মান উন্নয়নে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সারা বছর বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সময়োপযোগী ও মৌসুমি ইতিকাফ আয়োজনের পাশাপাশি জামকারান মসজিদে দুটি প্রধান ইতিকাফ অনুষ্ঠিত হয়। এর একটি রজব মাসে এবং অন্যটি রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসারে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে।
ইতিকাফ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা ইসলামে অত্যন্ত সওয়াবের আমল হিসেবে বিবেচিত। এতে নির্দিষ্ট কয়েকদিন মসজিদে অবস্থান করে রোজা রাখা ও ইবাদতে মগ্ন থাকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়।
সাধারণত রজব মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে ইতিকাফ পালন করা হয়, যা এ বছর ৩, ৪ ও ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। ইকনা


























