জাপানে ২৬তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাপান মুসলিম অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুসলিম এ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়েবসাইট জানিয়েছে, ওৎসুকা মসজিদের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার কিছু পর্ব টোকিও গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়। জাপানের বিভিন্ন জাতীয়তা এবং সাংস্কৃতিক পটভূমির মুসলিম কিশোর-কিশোরীরা এই কুরআনিক আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাটি আবারও প্রমাণ করেছে যে ভৌগোলিক দূরত্ব ও ভাষাগত ভিন্নতা সত্ত্বেও পবিত্র কুরআন মুসলমানদের ঐক্যের মূল ভিত্তি। একই সঙ্গে এটি দেখিয়েছে যে সংগঠিত কুরআনিক কার্যক্রম অমুসলিম পরিবেশেও একটি সুসংহত সমাজ গড়ে তুলতে সক্ষম।
এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল আল্লাহর কিতাবের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং জাপানজুড়ে মুসলমানদের মধ্যে কুরআন হিফয ও তিলাওয়াতের প্রতি উৎসাহ সৃষ্টি করা।
মিসরের মুহাম্মদ দাউদ ও হিশাম আতওয়াসহ পুরুষ ও নারী কুরআন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিচারক প্যানেল প্রতিযোগিতাটি তত্ত্বাবধান করেন।
প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হয়। জাপানের বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণকারীদের অবস্থা বিবেচনা করে প্রথম ধাপটি অনলাইনে অনুষ্ঠিত হয় । আর দ্বিতীয় ধাপটি অনুষ্ঠিত হয় টোকিও গ্র্যান্ড মসজিদে।
প্রখ্যাত বিচারকদের উপস্থিতি অংশগ্রহণকারী ও তাদের পরিবারের জন্য কুরআন শিক্ষা, প্রচার ও সামাজিক কার্যক্রমের ক্ষেত্রে বিশেষজ্ঞ ও আলেমদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। ইকনা



























