অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দেওয়ায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছে কানাডা সরকার। মঙ্গলবার অটোয়া এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সতর্ক করে বলেছে, অব্যাহতভাবে বসতি সম্প্রসারণ শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলা হয়, “পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি অনুমোদনের ইসরাইলের সিদ্ধান্তকে কানাডা দৃঢ়ভাবে নিন্দা জানায়।” বিবৃতিতে আরও বলা হয়, “আন্তর্জাতিক আইনে অবৈধ এই বসতি সম্প্রসারণ ২০ দফা শান্তি পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে।”
এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়, যা গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকে উত্থাপিত হয় এবং অক্টোবরে দখলদার ইসরাইলি সরকার ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথ তৈরি করে।
ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গত সপ্তাহান্তে ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেয়। ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ বসতির সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৯টিতে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১,১০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় প্রায় ১১ হাজার মানুষ আহত এবং প্রায় ২১ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি প্রত্যাহারের আহ্বান জানায়।
এদিকে, কানাডার অবস্থানকে স্বাগত জানিয়েছে দেশটির ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস। একইসাথে সংগঠনটি এ ব্যাপারে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, ইকনা।




























