মিসরে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত তিন বোনের স্মরণে দেশটির মেনুফিয়া গভর্নরেটে পবিত্র কোরআনের তেলাওয়াত ও হিফয প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মিসরের মেনুফিয়া গভর্নরেটের একটি গ্রামে নিজেদের বাড়িতে গোসল করার সময় গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় তিন বোন আহদা (১০), হুদা (৮) এবং মাওদেহ (৫) ।
আল-ওয়াতান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে (ফেব্রুয়ারি–মার্চ ২০২৬) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেনুফিয়ার শেবিন এল-কুম শহরের উপকণ্ঠে কাফর শিনওয়ান গ্রামের বাসিন্দারা এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করছেন। গ্রমটিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত তিন বোনের স্মরণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘বার্ডস অব প্যারাডাইস’ (জান্নাতের পাখিরা) শিরোনামের এই প্রতিযোগিতা নিহত শিশুদের পরিবারের প্রতি সংহতি ও সমবেদনা জানানোর একটি প্রতীকী উদ্যোগ। একই সঙ্গে এটি সমাজে কল্যাণ ছড়িয়ে দেওয়া এবং শিশুদের কোরআন মুখস্থে উৎসাহিত করার বার্তাও বহন করে।
প্রতিযোগিতার অন্যতম আয়োজক মোহাম্মদ আল-আরাবি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআন প্রতিযোগিতা নিয়ে একটি পোস্টে তিন বোনের মা মন্তব্য করেছিলেন। তিনি লিখেছিলেন, “আল্লাহ আপনাকে হেফাজত করুন, শেখ মোহাম্মদ। এটি সত্যিই একটি সুন্দর উদ্যোগ। আমার মেয়ে এ বছর অর্ধেক কোরআন মুখস্থ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে চেয়েছিল, কিন্তু সে সুযোগ আর হলো না ।”
আল-আরাবি বলেন, এই মন্তব্যই তাদের অনুপ্রাণিত করে এবং তিন বোনের সম্মানে প্রতিযোগিতার নাম ‘বার্ডস অব প্যারাডাইস’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি আরও বলেন, পরিবারের হৃদয়ে যে গভীর বেদনা ও কষ্ট রয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে তিনি ধৈর্য ধারণের জন্য পরিবারটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এই ধৈর্যের জন্য মহাপুরস্কার দেবেন এবং তিন শিশুর জান্নাতে অবস্থান হবে আরও উচ্চ মর্যাদাসম্পন্ন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মূল্যবান পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে প্রথম পুরস্কার হিসেবে উমরাহ করার সুযোগ রয়েছে। রমজানের শেষে বিজয়ীদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হবে।
উল্লেখ্য, দুর্ঘটনার পর তিন বোনকে দ্রুত শেবিন এল-কুম টিচিং হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয় নি। ইকনা।



























