ইসলামি বর্ষপঞ্জির সপ্তম মাস রজব-মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে বিশেষ সম্মান প্রাপ্ত একটি মাস। যা রমজানের আগমনি বার্তা বহন করে এবং মুমিনের হৃদয়ে ইবাদতের আগ্রহ জাগিয়ে তোলে। গাফিলতির অন্ধকার থেকে আত্মশুদ্ধির আলোয় ফিরে আসার জন্য রজব মাস এক অনন্য সুযোগ।
রজব মাস শুরু হলে রসুল (সা.) একটি দোয়া পড়তেন, এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। (বায়হাকি-ইমান) এই দোয়ার মাধ্যমে রসুল (সা.) রজব মাসকে রমজানের প্রস্তুতির সূচনা হিসেবে গ্রহণ করেছেন। এতে তিনটি গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে-রজব ও শাবানে বরকত লাভ, নেক আমলের তওফিক বৃদ্ধি, ইমান ও সুস্থতার সঙ্গে রমজান পর্যন্ত পৌঁছার প্রার্থনা। রজব মাস আত্মশুদ্ধি ও ইবাদতের প্রস্তুতি নেওয়ার সময়-যাতে রমজানে সর্বোচ্চ ফায়দা অর্জন করা যায়।
রজব মাসের মর্যাদা : রজব মাস চারটি সম্মানিত মাসের অন্যতম। কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো, এর মধ্যে চারটি সম্মানিত মাস’ (সুরা তওবা-৩৬)। হাদিসে এই চার মাসের নাম নির্দিষ্ট করে বলা হয়েছে। রসুল (সা.) ইরশাদ করেন, ‘বছর বারো মাসে; এর মধ্যে চারটি সম্মানিত, এর একটি হলো রজব’ (সহিহ বুখারি)।
মর্যাদার এ মাসটিকে মহান আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধবিগ্রহ, হানাহানি ও রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলার আসমান-জমিন সৃষ্টি করার দিন থেকেই বারো মাসে বৎসর হয়। এর মধ্যে চারটি মাস সম্মানিত; তিনটি একাধারে জিলকদ, জিলহজ ও মহররম এবং চতুর্থটি হলো ‘রজব মুদার’, যা জমাদিউল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। (মুসলিম)
ইসলামের ইতিহাসে রজব মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধিকাংশ আলেমের মতে, এই মাসেই সংঘটিত হয়েছিল মহান মেরাজ-যেখানে রসুল (সা.) আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করেন। গ্রহণ করেন উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ। এটি রজব মাসকে আরও মর্যাদাসম্পন্ন করে তোলে। মেরাজ একটি অলৌকিক, গৌরবময় ও শিক্ষাপূর্ণ ঘটনা।
এটি শুধু রসুল (সা.)-এর জীবনের এক বিস্ময়কর অধ্যায় নয়; বরং সমগ্র উম্মতের জন্য ইমান, ইবাদত ও আত্মশুদ্ধির এক চিরন্তন দিকনির্দেশনা। শারীরিক ও আত্মিক-উভয় দিক থেকেই মেরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজি (সা.)-এর জন্য এক বিশেষ সম্মান এবং কষ্ট জর্জরিত সময়ে সান্ত্বনার অনন্য নিদর্শন।



























