মিসরের কোরআন তিলাওয়াতভিত্তিক প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ‘দাওলাত আল-তিলাওয়া (স্টেট অব রিসাইটেশন)’-এর নতুন মৌসুম আগামী নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক আহমেদ ফায়েক।
তিনি বলেন, দর্শকরা সব সময় অর্থবহ ও মূল্যবান বিষয়বস্তুর অনুষ্ঠান পছন্দ করেন এবং এই অনুষ্ঠানটির সাফল্য প্রযোজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ফায়েক জানান, প্রতিবছর নভেম্বর মাসেই নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, প্রযোজনার কাজ সম্পন্ন করতে প্রায় দেড় বছর সময় লেগেছে। এতে মিসরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৪ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। মিসরের আওকাফ মন্ত্রণালয় নিযুক্ত বিচারকমণ্ডলী এবং আল-আজহার-এর জ্যেষ্ঠ আলেমদের বিশেষ তত্ত্বাবধানে প্রতিযোগীদের তিলাওয়াত মূল্যায়ন করা হয়। প্রাথমিক বাছাই শেষে ৩০০ জন দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হন।
তিনি আরও জানান, কায়রোর মিসরীয় আন্তর্জাতিক আওকাফ একাডেমিতে টানা তিন দিনব্যাপী কঠিন প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ৩২ জন প্রতিযোগী নির্বাচন করা হয়।
আহমেদ ফায়েক বলেন, “অনুষ্ঠানটির দর্শকসংখ্যা ইতোমধ্যে কয়েক মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রথম মৌসুমের সাফল্য ধরে রাখার পাশাপাশি দ্বিতীয় মৌসুমে নতুনত্ব ও চমক উপস্থাপনের জন্য আমরা কাজ করছি।”
তিনি জানান, আওকাফ মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি সমন্বিত দল হিসেবে কাজ করা হচ্ছে এবং প্রথম মৌসুমের সাফল্যে মন্ত্রণালয় সব ধরনের সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, স্টেট অব রিসাইটেশন অনুষ্ঠানের প্রথম মৌসুমটি মিসরের আওকাফ মন্ত্রণালয় ও ইউনাইটেড মিডিয়া সার্ভিসেস কোম্পানি-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়। এর লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিভাবান ও দক্ষ কোরআন তিলাওয়াতকারীদের খুঁজে বের করা।
অনুষ্ঠানটি আল-হায়াত, সিবিসি, আল-নাস, মিসর আল-কোরআন আল-কারিম স্যাটেলাইট চ্যানেল এবং ‘ওয়াচ ইট’ প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়। প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হয়।
এতে মোট ৩৫ লাখ মিসরীয় পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিলাওয়াত ও তাজবিদ—এই দুই বিভাগে প্রথম স্থান অধিকারীরা প্রত্যেকে ১০ লাখ পাউন্ড করে পাবেন। পাশাপাশি তাদের কণ্ঠে সম্পূর্ণ কোরআন রেকর্ড করে ‘মিসর কোরআন কারিম’ চ্যানেলে সম্প্রচার করা হবে। এছাড়া আসন্ন রমজানে কায়রোর হুসেইন মসজিদে তারাবির নামাজে ইমামতি করার সম্মানও দেওয়া হবে।
অনুষ্ঠানটির বিচারকমণ্ডলীতে রয়েছেন খ্যাতিমান আলেম ও কোরআন বিশেষজ্ঞ হাসান আবদেল-নাবি, তাহা আবদেল-ওয়াহাব, মোস্তফা হোসনি ও তাহা আল-নুয়ামানি।
বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন ওসামা আল-আজহারি, নাজির মুহাম্মদ আইয়াদ, আলী গোমা, আহমেদ নুয়াইনা, আবদেল-ফাত্তাহ আল-তারৌতি, জাবের আল-বাগদাদি, ব্রিটিশ গবেষক মুহাম্মদ আইয়ুব আসিফ এবং মরক্কোর প্রখ্যাত কারি ওমর আল-কাজাবরি। ইকনা



























