ইরাকের পবিত্র কারবালা নগরীর বিভিন্ন মসজিদ, হুসাইনিয়া ও অন্যান্য স্থানে পবিত্র কোরআন তিলাওয়াতের নিয়মকানুন এবং তাজবিদ বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।
হজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক সংস্থার অধীন পবিত্র কোরআনবিষয়ক বৈজ্ঞানিক পরিষদ এসব প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আল-কাফিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কারবালা কোরআন সেন্টারের উপপরিচালক শেখ আলা আল-দিন আল-হিময়ারি জানান, পরিষদের অধীন পরিচালিত কেন্দ্রটি প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে জারিয়াহ এলাকার ইমাম হাসান (আ.) অতিথিশালায়। সেখানে কোরআন তিলাওয়াতের নিয়ম ও পদ্ধতি নিয়ে একটি শিক্ষামূলক সমাবেশের পাশাপাশি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।
তিনি জানান, পবিত্র কারবালা নগরীর বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়ায় পর্যায়ক্রমে এসব প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মূল লক্ষ্য হলো, অংশগ্রহণকারীদের তাজবিদের নিয়ম অনুসরণ করে শুদ্ধ ও নির্ভুলভাবে পবিত্র কোরআন তিলাওয়াতে দক্ষ করে তোলা।
প্রশিক্ষণ কার্যক্রমের পাঠ্যসূচিতে আরবি বর্ণের উচ্চারণস্থল বা মাখরাজ সম্পর্কে শিক্ষা, বর্ণগুলোর বৈশিষ্ট্যের পরিচিতি এবং তিলাওয়াতের সময় প্রচলিত ভুলত্রুটি সংশোধনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াতের সঠিক পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। ইকনা




























