মালয়েশিয়ার ‘#কোরআন আওয়ার’ কর্মসূচি বিভিন্ন বয়সের মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি পবিত্র কোরআন পাঠ, অনুধাবন ও চর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন দেশটির একজন ইসলামী চিন্তাবিদ ও সমাজকর্মী ।
হালাকাহ আল-কোরআন (অ্যাসোসিয়েট) ক্লুয়াংয়ের সভাপতি হালিমাহ মোহাম্মদ নূর বলেন, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, স্থানীয় জনগোষ্ঠী ও ইসলামি সংগঠনগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে এ কর্মসূচি আরও কার্যকর ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম সিনারকে তিনি বলেন, ‘মুসলমানদের পবিত্র কোরআনের আরও কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে #কোরআন আওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সম্মিলিতভাবে কোরআন পাঠ ও এর অর্থ নিয়ে চিন্তাভাবনায় উৎসাহিত করার মাধ্যমে কর্মসূচিটি মুসলিম সমাজের বিভিন্ন বয়সী মানুষকে ঐক্যবদ্ধ করার ব্যাপক সম্ভাবনা রাখে।’
তিনি আরও বলেন, এ কর্মসূচি শুধু কোরআন পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মুসলমানদের মধ্যে কোরআন সম্পর্কে আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
হালিমাহ মোহাম্মদ নূরের মতে, মালয়েশিয়া #কোরআন আওয়ার কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো সাধারণ মানুষকে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করতে এবং এর শিক্ষা ও তাৎপর্য অনুধাবন করতে উৎসাহিত করা। কোরআন পাঠ, অধ্যয়ন, গভীরভাবে অনুধাবন এবং অন্যদের শেখানোর মাধ্যমে পবিত্র ধর্মগ্রন্থের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে হালিমাহ বলেন, তিনি বেশ কয়েকবার এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আগে তিনি শুধু কোরআন তিলাওয়াত করতেন। এখন কোরআনের অর্থ ও শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করেন এবং তা নিজের সন্তান ও নাতি-নাতনিদেরও বোঝাতে পারেন।
তিনি আশা প্রকাশ করেন, পবিত্র কোরআনের শিক্ষা ভালোবাসা ও জীবনে তা অনুসরণের মাধ্যমে মুসলমানেরা আল্লাহর অব্যাহত রহমত লাভ করবেন।
কর্মসূচি ৩০ আগস্ট
২০২৪ সালের মালয়েশিয়া #কোরআন আওয়ার কর্মসূচি ৩০ আগস্ট পুত্রজায়ার তুয়াংকু মিজান জায়নাল আবেদিন মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচি সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়।
কর্মসূচিটির প্রধান সম্প্রচার সহযোগীদের মধ্যে ছিল সিনার হারিয়ান, অ্যাস্ট্রো ওয়াসিস, টিভি৯, বারনামা, টিভি আলহিজরাহ, জায়ান, অ্যাস্ট্রো আওয়ানি, নু আইডিয়াকটিভ, আইকেআইএম এফএম, ডেনাইহাতি ডটকম এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়া (আরটিএম)। ইকনা




























