মানব ইতিহাসের গভীরে একটি সার্বজনীন আশা প্রবাহিত—নিপীড়নের অবসান, ন্যায়বিচারের প্রতিষ্ঠা এবং পূর্ণ মানবিক মর্যাদার পুনরুদ্ধার। ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্যে এই আশার রূপ ফুটে ওঠে “শেষ-যামানার ত্রাণকর্তা”-র ধারণার মাধ্যমে। এই ধারণা কেবল ভবিষ্যতের কোনো ঘটনা নয়; বরং এটি মানুষের বর্তমান জীবন, নৈতিক দায়িত্ব এবং আত্মিক বিকাশের সাথেও গভীরভাবে সম্পর্কিত।
ইসলামী ও খ্রিস্টীয় ঐতিহ্যে এই ত্রাণকর্তার ধারণা দুটি মহান ব্যক্তিত্বের মাধ্যমে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে—ইসলামে প্রতিশ্রুত ইমাম মাহদি (আ.) এবং খ্রিস্টধর্মে হযরত ঈসা মসিহ (আ.)। তাঁরা ভিন্ন ধর্মীয় পরিমণ্ডলের প্রতিনিধি হলেও প্রকৃতপক্ষে একই খোদায়ি বাস্তবতার দুটি মুখ, যাঁদের লক্ষ্য এক ও অভিন্ন: সত্য, ন্যায়বিচার ও করুণার বিজয়।
ইসলামী বিশ্বাস অনুযায়ী, ইমাম মাহদি (আ.) হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শেষ উত্তরসূরি, যিনি পৃথিবীকে জুলুম ও অবিচার থেকে মুক্ত করে ন্যায়ে পরিপূর্ণ করবেন। তাঁর আবির্ভাব কোনো হঠাৎ অলৌকিক ঘটনা নয়; বরং এটি মানবজাতির দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা, বুদ্ধিবৃত্তিক পরিপক্কতা ও নৈতিক প্রস্তুতির চূড়ান্ত ফল। আল্লাহ চান মানুষ নিজেই উপলব্ধি করুক যে খোদায়ি নির্দেশনা ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়।
অন্যদিকে, খ্রিস্টীয় ঐতিহ্যে হযরত ঈসা (আ.)-এর পুনরাগমনকে বিশ্বশান্তি ও নিপীড়নের অবসানের সূচনা হিসেবে দেখা হয়। কুরআনের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী, তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি; বরং আল্লাহ তাঁকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং নির্ধারিত সময়ে আবার পৃথিবীতে পাঠাবেন।
ইসলামী বর্ণনায় বলা হয়েছে, ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের সময় হযরত ঈসা (আ.) আকাশ থেকে অবতরণ করবেন এবং মাহদির নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তাঁর পেছনে নামাজ আদায় করবেন। এটি শুধু ব্যক্তিগত বিনয় নয়, বরং ঐশী ধর্মগুলোর ঐক্যের এক শক্তিশালী প্রতীক।
এই যুগল উপস্থিতি প্রমাণ করে যে মুক্তির প্রতিশ্রুতি কোনো একক ধর্মের সম্পত্তি নয়; এটি মানবজাতির জন্য আল্লাহর সার্বজনীন অঙ্গীকার। হযরত ঈসা (আ.)-এর হযরত মাহদি আমলের একজন সহযোগী হিসেবে ভূমিকা পালন করার অর্থ হলো—খ্রিস্টধর্ম ও ইসলামের মধ্যে বিরোধ নয়, বরং সত্যের প্রশ্নে ঐক্য। এর মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয় যে ন্যায়বিচার, করুণা ও সত্যের উৎস এক ও অভিন্ন।
এই বিশ্বাস মানুষকে নিষ্ক্রিয় অপেক্ষার শিক্ষা দেয় না। বরং এটি মানুষকে নৈতিকভাবে প্রস্তুত হতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানায়। শেষ-যামানার ত্রাণকর্তার চিন্তা আমাদের শেখায় যে ইতিহাসের সমাপ্তি মানে ধ্বংস নয়; বরং অবিচারের অবসান এবং করুণাময় এক নতুন অধ্যায়ের সূচনা।
অতএব, ইমাম মাহদি (আ.) ও হযরত ঈসা (আ.)-এর আবির্ভাবের বিশ্বাস কেবল ধর্মীয় আখ্যান নয়; এটি মানবতার যৌথ আশা, যা বর্তমানকেও আলোকিত করে এবং ভবিষ্যতের জন্য ন্যায় ও শান্তির পথ নির্দেশ করে।
সূত্র: নিউজলেটার , আইআরআইবি



























