ইরানের ধর্মীয় নগরী কোমে বাংলাদেশি আলেম ও ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ ইমাম খামেনেয়ীর বাংলায় অনূদিত গ্রন্থাবলীর মোড়ক উন্মোচন করা হয়েছে। কোমে ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধির দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলিজাদেহ মুসাভী, সর্বোচ্চ নেতার দপ্তরেরর আন্তর্জাতিক বিভাগের প্রধান আয়াতুল্লাহ কোমি, বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী এবং বাংলাদেশে অবস্থিত ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মৌলায়ী ।
অনুষ্ঠানে ইসলামী শিক্ষা, ইসলামী বিপ্লব এবং পবিত্র কুরআনের ব্যাখ্যাসহ বিভিন্ন বিষয়ে শহীদ ইমাম খামেনেয়ীর বাংলায় অনূদিত রচনাবলীর সংকলন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একইসঙ্গে প্রথমবারের মতো ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ীর জীবনীগ্রন্থের প্রাথমিক বাংলা সংস্করণও প্রকাশ করা হয়।
বাংলাভাষী পাঠকদের কাছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রজ্ঞা, ব্যক্তিত্ব, নৈতিক মূল্যবোধ ও সংগ্রামী জীবন তুলে ধরার লক্ষ্যেই এই জীবনীগ্রন্থটির বাংলা সংস্ককরণ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে আয়াতুল্লাহ কোমি, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলিজাদেহ মুসাভী ও ড. জলিল রাহিমী জাহানাবাদী তাদের বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী বিপ্লবের শিক্ষার প্রসার এবং বিভিন্ন জাতির কাছে ইসলামী ধারণা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুবাদের ভূমিকার কথা উল্লেখ করে উপমহাদেশে জ্ঞান-বিজ্ঞান, সাংস্কৃতিক ও গণমাধ্যম বিষয়ক কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।



























