ব্যাপক উৎসাহ- উদ্দিপনা ও ধর্মীয় মর্যাদায় খুলনায় হযরত ইমাম আলী রেজা (আ.)’র পবিত্র জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার রাতে খুলনার কাসরে হোসাইনী ইমামবাড়ী মিলনায়তনে হযরত ইমাম আলী রেজা (আ.)’র পবিত্র জন্মদিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত, গজল, হামদ ও নাত-এ-রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামী শিক্ষাকেন্দ্রের প্রশিক্ষণ বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আব্দুল লতিফ ইমাম রেজা (আ.)-এর বিভিন্ন গুণাবলি তুলে ধরেন। তিনি বলেন, আলী ইবনে মুসা রেজা (আ.) অসাধারণ গুণের অধিকারী ছিলেন এবং ‘রেজা’, ‘সাদিক’, ‘ফাজেল’সহ বিভিন্ন উপাধিতে ভূষিত হন। তিনি বিশেষভাবে ‘আলেমে আ’লে মুহাম্মাদ’ উপাধির গুরুত্ব ব্যাখ্যা করেন।

গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কাইউম তার বক্তব্যে ইমাম রেজা (আ.)-এর মদিনা থেকে মার্ভে আগমনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, আব্বাসীয় খলিফা মামুন নিরাপত্তার কারণে একটি নির্দিষ্ট পথ দিয়ে ইমামকে মার্ভে নিয়ে আসেন।
খুলনা তালেমুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সাউদ ইমাম রেজা (আ.)-এর ফজিলত, তাঁর জীবনী ও ইসলামের জন্য তাঁর অবদান তুলে ধরেন। পাশাপাশি তিনি হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর মর্যাদা ও অবদান সম্পর্কেও আলোচনা করেন।

খুলনা ওলামায়ে কেরামের সভাপতি মাওলানা ইব্রাহীম ফায়জুল্লাহ মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং বিভেদ সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং আহলে বাইতের জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।



























