বিশ্বজুড়ে মুসলমানদের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে ইরানের প্রতি সক্রিয় সমর্থনের আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। সম্প্রতি জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দৈনিক আমার দেশ-এর সম্পাদক বলেন, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান এখন অনেক বিপদের মধ্যে আছে এবং সেই বিপদ সর্বত্র। এই বিপদ বাংলাদেশের ভিতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন জায়নবাদীরা ইরান এবং লেবাননের ভেতরে গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনি গত তিন বছর ধরে গণহত্যা চালাচ্ছে। এমনকি গত তিন বছর ধরে জায়নবাদীরা বিশ্বের বিভিন্ন দেশে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা তার প্রতিউত্তরে কিছুই করতে পারছি না। যদিও ইরান দৃড়চিত লড়াই করছে। তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে। কাজেই আমাদের সকলের ইরানের প্রতি নৈতিক সমর্থন দেয়া উচিত। একজন মুসলমান হিসেবে এটা আমার প্রত্যাশা। এই লড়াই কতদিন চলবে আমরা জানিনা। তবে এই লড়াইয়ের কাছে হার মানা যাবে না। মাথা উঁচু করে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচে্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়বে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে এই যুদ্ধের কারণে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এ যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবেও আমাদেরকে বিপদের মুখে পড়তে হবে। ইদানিং জ্বালানি নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবৃদ্ধির হবে। এর প্রভাব আমাদের দেশে পড়বে। আর এই বিপদ থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি এজন্য সরকারি দল, বিরোধী দল থেকে শুরু করে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে।
অভ্যন্তরীণ প্রেক্ষাপটে তিনি দেশের কিছু গণমাধ্যমে ইসলামবিদ্বেষ বা ইসলামোফোবিয়ার প্রবণতা রয়েছে বলে দাবি করেন। তার ভাষায়, স্বাধীনতার পর থেকেই এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
দৈনিক আমার দেশ-এর অবস্থান তুলে ধরে তিনি বলেন, পত্রিকাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, তাদের পত্রিকা কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী শক্তির সঙ্গে আপস করেনি এবং করবে না।
সবশেষে তিনি বলেন, দৈনিক আমার দেশ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণের স্বার্থে কাজ করে যাবে।



























