ইরানের হজ মিশনের মদিনা শাখার প্রধান মোহাম্মদ আমিন রহমানি জানিয়েছেন, শুক্রবার রাত পর্যন্ত ৬,৫০০-এর বেশি ইরানি হাজি মদিনায় পৌঁছেছেন।
হজ ইনফরমেশন সেন্টারের বরাতে তিনি বলেন, হজ কার্যক্রম ও ইরানি হাজিদের মদিনায় পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীরা ধীরে ধীরে মদিনায় প্রবেশ করছেন এবং ১১ মে শুক্রবার রাত নাগাদ এ সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে।
রহমানি আরও জানান, বিমানবন্দর ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ, আবাসন, পরিবহনসহ বিভিন্ন বিভাগের দায়িত্বশীলদের উপস্থিতিতে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, শুক্রবার রাত পর্যন্ত মদিনায় পৌঁছানো কাফেলার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩টি এবং হাজিদের থাকার জন্য ৯টি হোটেলে ব্যবস্থা করা হয়েছে।
ইরানের পূর্ব ও পশ্চিম আজারবাইজান, ইলাম, খোরাসান রাজাভি, উত্তর খোরাসান, দক্ষিণ খোরাসান, খুজেস্তান, সিস্তান ও বেলুচিস্তান, কুর্দিস্তান, গোলেস্তান প্রদেশ এবং কুম ও কাশান শহর থেকে বিভিন্ন ফ্লাইটে হাজিদের সৌদি আরবে পাঠানো হয়েছে।
এ বছর হজে অংশ নিতে মোট ৩০,৬৭২ জন ইরানি হাজি ও সেবাদানকারী সৌদি আরবে যাবেন, যাদের মধ্যে প্রায় ২৮,০০০ জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইকনা



























