আরবিতে ডক্টরেট ডিগ্রিধারী অমুসলিম ডেনিশ নারী এলাইন উলফ ইসলাম ধর্মকে ড্যানিশ জনগণের কাছে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে পবিত্র কোরআনের একটি অনুবাদ প্রকাশ করেছেন। আল জাজিরার বরাত দিয়ে ইকনা জানিয়েছে, ডেনিশ প্রাচ্যবিদ এলাইন উলফ কর্তৃক অনূদিত ড্যানিশ ভাষার কোরআনটি সম্পূর্ণ প্রমিত একাডেমিক ভাষায় ৫৪৪ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
তিন বছর সময় নিয়ে কোরআনের এই অনুবাদ সম্পন্ন করা এলাইন উলফ বলেন, ডেনমার্কের জনগণের কাছে ইসলামকে সঠিকভাবে তুলে ধরাই এ কাজের মূল উদ্দেশ্য। তিনি জানান, “এই অনুবাদের মাধ্যমে ড্যানিশরা ইসলামের সঙ্গে পরিচিত হতে পারবে এবং ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে ভুল বোঝাবুঝি, মিথ্যাচার এবং অভিযোগ আনা হয়েছে তা অনেকাংশে দূর হবে।”
এই ড্যানিশ অনুবাদক আরও বলেন, তার এই উদ্যোগ দেশের চরম ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অবস্থানের প্রতি এক ধরনের জবাব। অন্যান্য দেশের কোরআন অনুবাদের তুলনায় এ অনুবাদটি ব্যতিক্রম, কারণ এতে আরবি মূল পাঠ সংযুক্ত করা হয়নি। এ বিষয়ে এলাইন উলফের মত হলো, কেবল ড্যানিশ ভাষায় সীমাবদ্ধ রাখলে পাঠকের মনোযোগ অর্থের ওপর বেশি কেন্দ্রীভূত থাকে এবং দুই ভাষার মধ্যে বিভ্রান্তি তৈরি হয় না—এমনকি পাঠক যদি কোনো ভাষাই না জানেন।



























