ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র একই সাথে চারটি ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে। রবিবার পার্লামেন্টে ভাষণে কলিবফ বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, জ্ঞানীয়, সামরিক এবং সন্ত্রাসবিরোধী ক্ষেত্রে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শত্রুদের সাথে যুদ্ধ করছে।
তিনি বলেন, শত্রুদের সঙ্গে ইরানের অর্থনৈতিক, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে চলমান এবং সময়ের সাথে সাথে তা আরও জটিল হয়ে উঠেছে। এই আগ্রাসনের মধ্যেই গতবছরের জুন মাসে সামরিক যুদ্ধ শুরু হয়।
তিনি দাবি করেন, সামরিক যুদ্ধে ইরানের কাছে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র দেশের ভেতরে অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করেছে, জনগণের বৈধ দাবিকে অপহরণ করেছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী যুদ্ধ শুরু করেছে।
কলিবফের ভাষ্য অনুযায়ী, এ ধরনের দাঈশ-ধাঁচের যুদ্ধকে “সন্ত্রাসী যুদ্ধ” নামে অভিহিত করা হচ্ছে, যার উদ্দেশ্য প্রাণহানি ঘটানো। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির সমালোচনা করে বলেন, ইরানের জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ৯ জানুয়ারি দেওয়া বক্তব্যে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে কিছু দুষ্কৃতকারী তেহরান ও অন্যান্য শহরে নিজেদের দেশের ভবন ধ্বংস করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে এক হাজারের বেশি ইরানির রক্ত লেগে আছে। খামেনির দাবি, ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ২০২৫ সালের জুনে ১২ দিনব্যাপী যুদ্ধে তিনি হামলার নির্দেশ দিয়েছিলেন, যাতে সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকসহ এক হাজারের বেশি মানুষ নিহত হন।
আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, কিছু বিভ্রান্ত মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্ররোচনায় পড়ে তাঁকে সন্তুষ্ট করতে রাস্তায় আবর্জনার পাত্রে আগুন দিয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, কয়েক লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র কখনো দুষ্কৃতকারীদের সামনে পিছু হটবে না এবং বিদেশি শক্তির প্রতি ভাড়াটে মনোভাব সহ্য করবে না।
খামেনির মতে, যে ব্যক্তি বিদেশিদের সেবা করে ভাড়াটে হয়ে ওঠে, তাকে ইসলামী জাতি ও রাষ্ট্র প্রত্যাখ্যান করবে। তিনি ইরানের যুবসমাজকে প্রস্তুতি, ঐক্য ও সক্রিয় উপস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ ও সংহত জাতিই সব শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবে। তাসনিম নিউজ এজেন্সি।



























