সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনায় ইরান সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। সরকারের ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে ইরানবিরোধী সন্ত্রাসীদের নেতৃত্বে সংঘটিত একাধিক সহিংস দাঙ্গায় ব্যাপক প্রাণহানি ঘটে।
প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন।
সরকারি বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ চলাকালে যারা নিহত হয়েছেন, এই জাতীয় শোক তাদের স্মরণে পালিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “ইরানি জাতি প্রত্যক্ষ করেছে দায়েশ বা আইএসআইএস এর মতো অপরাধীরা দেশের জনগণ, স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর উপর বর্বর সহিংসতা চালিয়েছে এবং এতে অনেকেই শহীদ হয়েছেন।”
সরকার এই সহিংসতাকে নজিরবিহীন বলে আখ্যায়িত করে এসব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করেছে। ।
এদিকে, সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইরান সরকার।
গত কয়েক দিনে ইরানের বিভিন্ন শহরে রাজতন্ত্রপন্থী সহিংস দাঙ্গাকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর চালিয়েছে। এসব হামলায় কয়েকজন সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং অনেকে আহত হন।
সংবাদ অনুযায়ী, রাজতন্ত্রপন্থী দাঙ্গাকারীরা সড়ক অবরোধ করেছে, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে। সূত্র: তাসনিম নিউজ




























