মালয়েশিয়ার ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার হিফজ ও ক্বিরাআত বিভাগে নারী ও পুরুষ প্রতিযোগীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। পূর্ণ হিফজ বিভাগে পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এ বিভাগে দ্বিতীয় হয়েছে সিরিয়া এবং তৃতীয় মালয়েশিয়া।
১৮ মেহর সকালে কুয়ালালামপুর বিশ্ব বাণিজ্য কেন্দ্রের (ডব্লিউটিসি কেএল) সম্মেলন কক্ষে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের ধর্মীয় ও ইসলামি কর্মকর্তা, বিচারক পর্ষদের সদস্য, প্রতিযোগী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ওলিউল্লাহ মোহাম্মদি নসরআবাদি এবং দেশটিতে ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা হুজ্জাতুল ইসলাম হাবিব রেজা আরজানি। এ ছাড়া ইরানের প্রতিনিধি ও ক্বারী সইয়্যেদ সাদেক মোসলেমি আল-মশিরীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
ইংরেজি, আরবি ও মালয় ভাষায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। পরে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিচারক পর্ষদের প্রধান ও প্রতিযোগিতার নির্বাহী কমিটির প্রধান বক্তব্য দেন।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, পুরুষদের ক্বিরাআত বিভাগে ইন্দোনেশিয়া প্রথম, মালয়েশিয়া দ্বিতীয় এবং বেলজিয়াম তৃতীয় স্থান অর্জন করেছে। নারীদের ক্বিরাআত বিভাগে মালয়েশিয়া প্রথম, সিঙ্গাপুর দ্বিতীয় এবং ব্রুনাই তৃতীয় হয়েছে।
অন্যদিকে, পূর্ণ হিফজ বিভাগে পুরুষদের মধ্যে বাংলাদেশ প্রথম, সিরিয়া দ্বিতীয় এবং মালয়েশিয়া তৃতীয় স্থান অধিকার করেছে। নারীদের পূর্ণ হিফজ বিভাগে নাইজার প্রথম, লিবিয়া দ্বিতীয় এবং মিয়ানমার তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি সইয়্যেদ সাদেক মোসলেমি আল-মশিরী ক্বিরাআত তাহকীক বিভাগে অংশ নেন। তাঁর পরিবেশনা উচ্চমানের ও প্রশংসনীয় হলেও তিনি শীর্ষ তিনটি স্থানের কোনোটি অর্জন করতে পারেননি।
মালয়েশিয়ার এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিভিন্ন দেশের ক্বারী ও হাফেজদের মধ্যে কোরআন তিলাওয়াত, মুখস্থকরণ এবং ক্বিরাআতের দক্ষতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কোরআনচর্চা, শুদ্ধ তিলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। ইকনা




























