ইরাকের নাজাফে অবস্থিত হজরত ইমাম আলী (আ.)-এর পবিত্র মাজারে নির্মিত ‘হযরত যাহরা (সা.) প্রাঙ্গণ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ১৪ বছরের নির্মাণকাজ শেষে প্রাঙ্গণটি গত ১৭ ডিসেম্বর উদ্বোধন করা হয় ।
ইরাকের নাজাফ আশরাফের মাজারসংলগ্ন এই প্রাঙ্গণটি ইমাম আলী (আ.)-এর মাজারের সর্ববৃহৎ সম্প্রসারণ প্রকল্প হিসেবে বিবেচিত। ইরানি প্রকৌশলী ও শিল্পীদের তত্ত্বাবধানে এবং বিশ্বজুড়ে আহলে বাইত (আ.)-এর অনুসারী ও ভক্তদের সহায়তায় ২০১১ সাল থেকে এর নির্মাণকাজ চলছিল।
গত কয়েক বছরে প্রাঙ্গণের বিভিন্ন অংশ ধাপে ধাপে জিয়ারতকারীদের জন্য খুলে দেওয়া হলেও সম্প্রতি জাদুঘর, গ্রন্থাগার, দানশালা, প্রশাসনিক বিভাগ ও পার্কিং সুবিধাসহ প্রকল্পের সব অংশের কাজ সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পুরো প্রাঙ্গণটি আনুষ্ঠানিকভাবে মাজারের তত্ত্বাবধায়ক সংস্থা (আস্তান)-এর কাছে হস্তান্তর করা হবে।
প্রকল্পটি শহীদ জেনারেল কাসেম সোলাইমানির তত্ত্বাবধান ও উদ্যোগে বাস্তবায়িত হয়। বিশেষ করে ইরানের জনগণসহ বিশ্বের বিভিন্ন দেশের আহলে বাইত (আ.)-এর ভক্ত ও অনুসারীরা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
‘হজরত জাহরা (সা.) প্রাঙ্গণ’ নামকরণটি জেনারেল সোলাইমানির প্রস্তাবনায় এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির অনুমোদনে নির্ধারিত হয়।
প্রায় ৬০ হাজার বর্গমিটার আয়তনের এই প্রাঙ্গণের দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ১৫০ মিটার। ইকনা



























