ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকি ও পশ্চিমা সামরিক আগ্রাসনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনার উদ্যোগে শনিবার সকালে খুলনা পিকচার প্যালেস মোড়ে এই সমাবেশ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ছাড়াও ইসলামী শিক্ষা কেন্দ্র, জামিয়্যাতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ এবং সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা, বাংলাদেশের অসংখ্য সাধারণ মানুষ, আলেম ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী তার বক্তব্যে বলেন, “আমরা হকের পক্ষে এবং বাতিলের বিপক্ষে অবস্থান করি। ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি (রহ.) বলেছেন, এই বিপ্লব মাজলুমের পক্ষে ও জালিমের বিপক্ষে অবস্থান নেবে। ইরানের প্রতি মার্কিন আগ্রাসন শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি বিশ্বশান্তির জন্য হুমকি।”

তিনি আরও উল্লেখ করেন, আমেরিকা পরিকল্পিতভাবে সংকট ও নয়া-উপনিবেশ সৃষ্টি করে বিশ্বব্যাপী শোষণ চালাচ্ছে, অথচ জাতিসংঘ ও বিশ্বসমাজ এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
সভায় বক্তারা পশ্চিমা দেশগুলোর যুদ্ধ-অবরোধ ও হুমকির রাজনীতির তীব্র নিন্দা জানান এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের পাশাপাশি বিশ্বজনমতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মো. ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত ওলামায়ে কেরামের সভাপতি আলহাজ্ব মাও. ইব্রাহীম ফায়জুল্লাহ, তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. নাজমুস সউদ, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক মাও. আজিজুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রুহুল আমিন সিদ্দিকী, হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী, ড. এম.এ. কাইউম, সৈয়দ সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



























