সেবার মান ও কার্যক্রম পরিচালনায় ঘাটতির কারণে এক হাজার ৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, সংশ্লিষ্ট ১,৮০০টি এজেন্সি নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় তাদের কার্যক্ষমতা উন্নয়নের জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, অনুমোদিত নীতিমালা ও মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতেই এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে স্থগিত চুক্তিগুলো পুনরায় কার্যকর করা হবে।
এতে ভিসা প্রক্রিয়া কিংবা ইতোমধ্যে বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। উল্লেখ্য, পর্যায়ক্রমিক মূল্যায়নে মোট প্রায় ৫ হাজার ৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির মধ্যে এই ১,৮০০টির কার্যক্রমে ঘাটতি ধরা পড়ে।
সূত্র: খালিজ টাইমস




























