মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সবচেয়ে বড় মানবিক মূল্য দিচ্ছে শিশুরা। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, গত পাঁচ মাসে শুধু ইরানেই ২ হাজার ৫০০ জনের বেশি শিশু নিহত বা আহত হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের ছয়টি সংঘাতপ্রবণ দেশে মোট শিশুহতাহতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা এ তথ্য জানান। তিনি বলেন, শিশুদের এমন সব স্থানে প্রাণ হারাতে বা আহত হতে হচ্ছে, যেগুলো তাদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা—নিজেদের বাড়ি, স্কুল কিংবা খেলার মাঠ।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে চলমান সংঘাতে এ পর্যন্ত ৩৮৬ শিশু নিহত এবং ২ হাজার ১১৭ শিশু আহত হয়েছে। ফলে দেশটিতে মোট শিশুহতাহতের সংখ্যা ২ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
.ফোফানা দক্ষিণ ইরানের কেশম দ্বীপে ৩০ জুলাই একটি আবাসিক ভবনে হামলার উদাহরণ তুলে ধরে বলেন, ওই হামলায় বাবা-মায়ের সঙ্গে মাত্র দুই বছর বয়সী একটি শিশু নিহত হয়। একই ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।
তিনি বলেন, যে যুদ্ধ শিশুরা শুরু করেনি এবং থামানোরও কোনো ক্ষমতা তাদের নেই, সেই যুদ্ধের ভয়াবহ মূল্য তাদের জীবন দিয়ে দিতে হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সংঘাতের কোনো পক্ষেরই শিশুদের এই দুর্ভোগকে স্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়।
ইউনিসেফ সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে সংস্থাটি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত শুধু প্রাণহানিই বাড়াচ্ছে না, বরং শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্বাভাবিক শৈশবকেও মারাত্মকভাবে বিপর্যস্ত করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, যুদ্ধ অব্যাহত থাকলে এই মানবিক সংকট আরও গভীর হতে পারে।



























