মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কুয়ালালামপুরের (ডব্লিউটিসি কেএল) কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উচ্চপদস্থ ধর্মীয় কর্মকর্তা, বিচারকমণ্ডলীর সদস্য, প্রতিযোগী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ভ্যালিওল্লাহ মোহাম্মাদি নাসরাবাদি এবং দেশটিতে ইরানের কালচারাল অ্যাটাশে হুজ্জাতুল ইসলাম হাবিব-রেজা আরজানিও ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় নাগরিক ও কোরআনপ্রেমীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানের শুরুতে ইংরেজি, আরবি ও মালয় ভাষায় অতিথিদের স্বাগত জানানো হয়। পরে প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর প্রধান ও আয়োজক কমিটির নির্বাহী প্রধান বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, পুরুষদের কোরআন তিলাওয়াত বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বেলজিয়ামের প্রতিনিধিরা। নারীদের তিলাওয়াত বিভাগে শীর্ষ তিনটি স্থান অর্জন করেছেন যথাক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের প্রতিযোগীরা।
পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ হিফজ বিভাগে পুরুষদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বাংলাদেশ, সিরিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা। একই বিভাগে নারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন নাইজারের প্রতিনিধি। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন যথাক্রমে লিবিয়া ও মিয়ানমারের প্রতিযোগীরা।
এবারের প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত বিভাগে ইরানের প্রতিনিধিত্ব করেন সাইয়েদ সাদেক মোসলেমি। চমৎকার ও উচ্চমানের তিলাওয়াত পরিবেশন করলেও তিনি প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করতে পারেননি।
আন্তর্জাতিক আল-কোরআন তিলাওয়াত ও হিফজ সমাবেশ (এমটিএইচকিউএ) প্রতিবছর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে এটি অন্যতম মর্যাদাপূর্ণ কোরআনবিষয়ক প্রতিযোগিতা হিসেবে পরিচিত।
এবারের প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াত ও পূর্ণাঙ্গ হিফজ—উভয় বিভাগেই দেশ-বিদেশের প্রতিযোগীরা অংশ নেন। মঙ্গলবার কুয়ালালামপুরে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইকনা




























