আগামী পবিত্র রমজান উপলক্ষে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইফতার খাবার সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বৃহৎ পরিসরে খাবার সরবরাহে অভিজ্ঞ কোম্পানি ও কারখানারগুলো এই মর্যাদাপূর্ণ সেবায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
মসজিদুল হারাম ও মসজিদে নববির কার্যাবলি তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি জানিয়েছে, ২০২৬ সালের রমজানে ইফতার সেবা প্রদানের আগ্রহী কোম্পানি ও কারখানার জন্য আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। ইফতার কার্যক্রমকে সুশৃঙ্খল করা এবং দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য সরবরাহকৃত খাবারের মান উন্নত করাই এই উদ্যোগের লক্ষ্য।
কর্তৃপক্ষের মতে, আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, বৈধ পৌরসভা লাইসেন্স অথবা সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (SFDA) কর্তৃক প্রদত্ত অনুমোদনপত্র, যা অবশ্যই মক্কা বা মদিনায় অবস্থিত কোনো কার্যকর পরিচালনাকেন্দ্রের জন্য হতে হবে।
এছাড়া আবেদনকারী প্রতিষ্ঠানের মক্কা বা মদিনায় একটি স্থায়ী কার্যক্রমস্থল থাকতে হবে, যার মালিকানার প্রমাণ বা নোটারাইজড ভাড়াচুক্তি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের জনস্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড পরিষ্কার হতে হবে, SFDA অনুমোদিত খাবারের মান ও নির্ধারিত স্পেসিফিকেশন মেনে চলতে হবে এবং প্রতিদিন ন্যূনতম ১০ হাজার ইফতার খাবার সরবরাহের সক্ষমতা থাকতে হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, নথিপত্র জমা দেওয়ার শেষ তারিখ রজব মাসের ১০ তারিখ ১৪৪৭ হিজরি, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৩০ ডিসেম্বর। আগ্রহী কোম্পানি ও কারখানাগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত ও বিধিমালা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইকনা



























