পবিত্র রমজান মাসকে সামনে রেখে মিসরের কালিউবিয়া প্রদেশের মসজিদগুলোতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাদেশিক আওকাফ বিভাগ জানিয়েছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে ইবাদত পালনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিসরের আওকাফ মন্ত্রীর নির্দেশনার আলোকে কালিউবিয়া আওকাফ বিভাগ একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় মসজিদগুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং তারাবিহ, তাহাজ্জুদ ও ইতেকাফের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালিউবিয়া আওকাফ বিভাগের কর্মকর্তা শাইখ আবদুল রহমান রাদওয়ান জানান, প্রদেশজুড়ে ৭ হাজার ৫০০-এর বেশি মসজিদে মুসল্লিদের স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫টি উপবিভাগের তত্ত্বাবধানে সব মসজিদে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, রমজান মাসজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াতের আসর, ১৫২টি শিশুদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি, ২৬৮টি ধর্মীয় আলোচনা এবং ৮০টি দারস বা শিক্ষাচক্র।
এছাড়া ৭০৪টি মসজিদে তাহাজ্জুদ নামাজ এবং ২৫৫টি মসজিদে ইতেকাফের ব্যবস্থা রাখা হয়েছে। বিভিন্ন মসজিদে ১৬টি ইফতার মাহফিলেরও আয়োজন করা হবে বলে জানান তিনি।
রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ৪৯৬টি খোলা স্থান নির্ধারণ করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ইকনা



























