লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষমূলক ঘটনার সংখ্যা বাড়ছে, যা দেশটিতে ইসলামোফোবিয়ার উত্থানের ইঙ্গিত দিচ্ছে।
ওয়াসল সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, গত সপ্তাহে ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু শহরে একটি বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলার ঘটনা ঘটেছে। একটি শপিং মলের ভেতরে দুই মুসলিম নারী শারীরিক ও মৌখিক হামলার শিকার হন।
গত ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সংঘটিত এ ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং এটি ব্রাজিলে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া এবং আন্তর্জাতিক সংঘাত ও বিদ্বেষমূলক বক্তব্যের প্রভাব মুসলিম সম্প্রদায়ের ওপর কীভাবে পড়ছে তার প্রতিফলন।
হামলার শিকার দুই নারীর একজন সিরীয় ও অন্যজন লেবানিজ। তারা ফোজ দো ইগুয়াসুর আরব মুসলিম সম্প্রদায়ের সদস্য। ‘কাতারাতাস জেএল’ শপিং মলের ভেতরে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
অভিযুক্ত ব্যক্তি দুই নারীর একজনের হিজাব খুলে নেওয়ার চেষ্টা করে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পোশাক ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করে।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন ক্রেতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ আসা পর্যন্ত হামলাকারীকে আটকে রাখেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা ও বর্ণবাদের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতীতেও ওই ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ছিল, এমনকি ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত করার ঘটনাও রয়েছে।
কাতারাতাস জেএল শপিং মল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের নির্ধারিত প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক ও স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা নারী এবং যে কোনো ধর্মীয়, বর্ণগত বা লিঙ্গভিত্তিক বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
সাম্প্রতিক এই ঘটনা ব্রাজিলে বাড়তে থাকা ইসলামোফোবিয়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। দেশটিতে ইসলামোফোবিয়া বিষয়ক এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ শতাংশ ব্রাজিলীয় মুসলিম কোনো না কোনো ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়েছেন। বিশেষ করে হিজাব পরিহিত মুসলিম নারীরা বেশি ঝুঁকির মুখে রয়েছেন।
উল্লেখ্য, ১৯৮৮ সালের সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে ধর্মীয় সমতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়া ১৯৯৭ সালে পাস হওয়া আইন নং ৯.৪৫৯ অনুযায়ী বর্ণ, গায়ের রং, জাতিসত্তা, ধর্ম বা জাতীয়তার ভিত্তিতে বৈষম্য বা বৈষম্যে প্ররোচনা দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে এক থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ইকনা



























