ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইরানে হামলা চালাতে আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করা হলে এর জবাব হবে ভিন্ন ও সিদ্ধান্তমূলক। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছ থেকে সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলার প্রত্যাশা করে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে বাকায়ি বলেন, সাম্প্রতিক যুদ্ধের সময় যেসব আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে তাদের ঘাঁটি ও স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়েছিল, বিশেষ করে তাদের নিজেদের কর্মকাণ্ড পুনর্বিবেচনা করা উচিত।
বাকায়ি বলেন, “ভবিষ্যতে যদি আমরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে আবারও কোনো আগ্রাসন এবং ইরানে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের ঘটনা প্রত্যক্ষ করি, তাহলে অবশ্যই এর জবাব ভিন্ন হবে।”
তিনি বলেন, এই অঞ্চলের সব দেশই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। তিনি আরও বলেন, “আমরা চিরস্থায়ী প্রতিবেশী।”
বাকায়ি জানান, ইরান দ্রুত ও স্পষ্টভাবে আঞ্চলিক দেশগুলোর কাছে তার অসন্তোষের বিষয়টি তুলে ধরেছে। বিশেষ করে যেসব দেশ সাম্প্রতিক সামরিক আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড ও স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়েছিল, তাদের বিষয়টি জানানো হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে এসব দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের কর্মকর্তারা পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী প্রায় সব দেশের সঙ্গেই ফলপ্রসূ বৈঠক করেছেন।
ইউএইতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি সতর্ক করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলে বিভেদ ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার চেষ্টা করছে। বাকায়ি প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি কোনো সম্মান দেখায়নি, তাদের যেন নিজেদের ভূখণ্ড ও স্থাপনা অপব্যবহারের সুযোগ দেওয়া না হয়। পার্সটুডে




























