ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে হরমুজ প্রণালির তলদেশে থাকা ইন্টারনেট কেব্লগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন সিনিয়র কর্মকর্তা।
আইআরজিসির রাজনৈতিক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি বলেছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির ইন্টারনেট কেব্লগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
আল-আলম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভানি বলেন, মর্যাদাপূর্ণ প্রতিরক্ষার পর্যায়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান ভালো করেছে এবং মার্কিন-জায়নবাদী শত্রু এমন এক পরাজয়ের মুখে পড়েছে, যা তারা কল্পনাও করেনি। তিনি বলেন, শত্রুরা পরাজয় মেনে নিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ইরানের পদক্ষেপগুলো হবে বিচক্ষণ এবং কোনো কোনো ক্ষেত্রে আক্রমণাত্মক।
তিনি আরও বলেন, আক্রমণাত্মক কৌশল গ্রহণ এবং প্রতিরোধক্ষমতা জোরদারের লক্ষ্যে পদক্ষেপ নেয়ার উদ্দেশ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মনে আগ্রাসনের চিন্তা স্থায়ীভাবে দূর করা। তাঁর ভাষায়, মার্কিন, ইউরোপীয়, ইহুদিবাদী এবং যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন সম্পূর্ণরূপে স্পষ্ট হয়েছে। তিনি আরও বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব।
হরমুজ প্রণালির ইন্টারনেট কেব্লগুলোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা সম্পর্কে জাভানি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনেক সম্পদ ও স্থাপনা রয়েছে। তারা যদি ইরানের অবকাঠামোর ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ইসলামি প্রজাতন্ত্র স্বাভাবিকভাবেই তার সর্বশক্তি প্রয়োগ করবে এবং সহজেই তাদের সম্পদ ও স্থাপনাগুলো ধ্বংস করবে। এর মধ্যে হরমুজ প্রণালির পানির নিচ দিয়ে চলে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেব্লও রয়েছে।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তার মিত্রদের গুরুতর ক্ষতির মুখে ফেলতে পারে। পার্স টুডে




























