কাতারে আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ‘আওয়াল আল-আওয়াইল’ (সেরাদের সেরা)-এর তৃতীয় আসর। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। এতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ৪২ জন কোরআনের হাফেজ অংশ নেবেন। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য সর্বোচ্চ ১০ লাখ কাতারি রিয়াল পুরস্কার রাখা হয়েছে।
কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেশটির শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি পবিত্র কোরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা।
আন্তর্জাতিক ও আংশিক আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃত কোরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী হাফেজদের মধ্য থেকে এ প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে। গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রাথমিক অনলাইন পর্বে ৩৫টি দেশের ৯৮ জন আবেদনকারীর মধ্যে ৩৩টি দেশের ৮২ জন অংশ নেন। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ৪২ জনকে নির্বাচিত করা হয়।
দোহায় অবস্থিত ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে সরাসরি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক পর্যায়ের কোরআন তিলাওয়াত ও তাজবিদ বিশেষজ্ঞদের একটি প্যানেল প্রতিযোগীদের মূল্যায়ন করবে।
প্রতিযোগীদের পবিত্র কোরআনের সম্পূর্ণ অংশ নির্ভুলভাবে মুখস্থ বলা এবং তাজবিদের নিয়ম মেনে তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করতে হবে। পাশাপাশি কোরআনের শব্দার্থ সম্পর্কেও তাঁদের জ্ঞান যাচাই করা হবে। এ ক্ষেত্রে দুর্বোধ্য ও অপরিচিত কোরআনিক শব্দের ব্যাখ্যাবিষয়ক গ্রন্থ আস-সিরাজ ফি বায়ান গারিবিল কোরআন অনুসরণ করা হবে।
প্রতিযোগিতায় কোরআন মুখস্থ রাখার দক্ষতা, শুদ্ধ তিলাওয়াত, তাজবিদের যথাযথ প্রয়োগ এবং কোরআনের শব্দার্থ সম্পর্কে জ্ঞান—সবকিছুর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিযোগীদের কেবল মুখস্থবিদ্যা নয়, বরং কোরআনের ভাষা ও অর্থ অনুধাবনের সক্ষমতাও মূল্যায়ন করা হবে। ইকনা



























