রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এক বৈঠকে বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ‘সবকিছু’ করতে প্রস্তুত মস্কো।
স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুতিন ইরানের জনগণের ‘সাহসী ও বীরত্বপূর্ণ’ লড়াইয়ের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরান এ কঠিন সময় অতিক্রম করে শান্তি ফিরে পাবে।
পুতিন আরাকচিকে বলেন, ‘আমরা সবকিছু করব যা আপনার স্বার্থ এবং এ অঞ্চলের জনগণের স্বার্থ পূরণ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হয়’। তিনি আরো নিশ্চিত করেন, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চায় মস্কো।
আরাকচি ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেহরান-মস্কো সম্পর্ককে ‘উচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ইরানের জনগণ মার্কিন আগ্রাসন সফলভাবে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম হবে।
পুতিন সপ্তাহখানেক আগে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে প্রাপ্ত একটি বার্তার কথাও উল্লেখ করেন। আরাকচির এ সফর এমন এক সময়ে হলো যখন ওমান ও পাকিস্তানের মত মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ চলছে।
এর আগে পাকিস্তান সফরে আলোচনার ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আরাকচি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পন্থা ও অতিরিক্ত দাবির কারণেই আলোচনা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারেনি’। সূত্র : আনাদোলু এজেন্সি, সিনহুয়া



























